ফ্লাইট জটিলতা নিয়ে ব্যাখ্যা দিল আইসিসি

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরও ভারতে আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। একাধিকবার ফ্লাইট বাতিল হওয়া এবং মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত আকাশপথের জটিলতার কারণে দেশে ফেরাতে বিলম্ব হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অবশেষে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলের সব ক্রিকেটার, কোচ ও সহায়ক সদস্যদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন ক্যারিবীয় ক্রিকেটার ব্যক্তিগত উদ্যোগে দেশে ফিরেছেন। বাকিরা বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ভারতে থেকে রওনা দেবেন।

সাধারণত আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্টে দলগুলো চার্টার্ড বিমানে যাতায়াত করলেও এবার ভিন্ন পরিস্থিতির মুখে পড়েছে দুই দল। প্রায় ৯ দিন অপেক্ষার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের বাণিজ্যিক ফ্লাইটে ফেরানোর উদ্যোগ নেয়।

এদিকে দেশে ফিরতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটার। উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইংল্যান্ডের মতো দল দ্রুত দেশে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এখনো অনিশ্চয়তায় রয়েছে। একই ধরনের মন্তব্য করেছেন প্রোটিয়া তারকা ডেভিড মিলারও।

তবে আইসিসি জানিয়েছে, কোনো দলকে অগ্রাধিকার দিয়ে দেশে ফেরানো হয়নি। বিভিন্ন দেশের জন্য ভিন্ন ভ্রমণ পথ খোলা থাকা এবং পরিস্থিতির পার্থক্যের কারণেই এমনটা ঘটেছে।

সংস্থাটি আরও জানায়, উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে যাত্রার অনুমতি দেওয়া সম্ভব হয়নি বলেও জানিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights