বগুড়া চেম্বার’র নির্বাচনে বিএনপির জয়জয়কার

বিশেষ প্রতিনিধি, বগুড়া:

প্রায় দুই দশক পর ব্যালটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি, সহসভাপতিসহ কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে জয় পেয়েছে বিএনপি-সমর্থিত বাদল-হিরু প্যানেল।

রবিবার (৫ জুলাই) নগরীর শহীদ টিটু মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেম্বারের ১ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গণনা শেষে রাত ১০টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে গোলাপ প্রতীক নিয়ে ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাদল-হিরু প্যানেলের আতিকুর রহমান বাদল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত সেলিম-এরশাদ প্যানেলের মো. সেলিম রেজা ছাতা প্রতীকে পেয়েছেন ২২৭ ভোট। এ পদে ৬টি ভোট বাতিল হয়েছে।

সহসভাপতি পদে আনারস প্রতীক নিয়ে সর্বোচ্চ ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. হামিদুল হক চৌধুরী হিরু। অপর সহসভাপতি হিসেবে খেজুর গাছ প্রতীকে ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মামদুদুর রহমান শিপন।

কার্যনির্বাহী কমিটির পরিচালক পদে নির্বাচিত ৯ জন হলেন—শ্রী পরিমল চন্দ্র দাস (ফুটবল, ৫৯৬), খন্দকার মেজবাহুল হক রন্টু (দোয়েল পাখি, ৬১২), মো. আজিজার রহমান মিল্টন (উড়োজাহাজ, ৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (কাপ-পিরিচ, ৫৬৯), এস এম নূর-ই আলম সিদ্দিকী পল্লব (হরিণ, ৫৫৭), মো. রাসেদুল ইসলাম (মই, ৫৫৩), মো. শফিকুল ইসলাম খোকন (দোয়াত-কলম, ৫৩২), শামসুল হক বেনু (চেয়ার, ৫১২) এবং মো. মতিউর রহমান (চশমা, ৪৬৬)।

নির্বাচনের দিন সকাল থেকেই শহীদ টিটু মিলনায়তন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। ভোটাররা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে সর্বশেষ ২০০৭ সালে বগুড়া চেম্বারে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় বিনা ভোটে বা নির্বাচনের পরিবর্তে মনোনয়নের মাধ্যমে কমিটি গঠিত হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে এবার ভোটের আয়োজন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আছিয়া খাতুন বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীরা তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করেছেন। নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে বগুড়ার ব্যবসায়ী সমাজের উন্নয়নে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights