বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ

বিশেষ প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে নতুন করে প্রাণ ফিরছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নতুন পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে আবারও সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে এই হাসপাতালটি। ২০০৫ সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত শিশু হাসপাতালটি চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

রবিবার (৩১ মে) বগুড়া মহানগরের দত্তবাড়ীতে অবস্থিত হাসপাতালের হলরুমে নতুন পরিচালনা কমিটির সভায় বক্তারা এমন কথা বলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এসময় হাসপাতালটির সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালটি শিশু চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরবর্তী ১/১১ ও পতিত হাসিনা সরকারের রোষানলে এর কার্যক্রম ব্যাহত হয়। তবে নতুন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে হাসপাতালটিকে পূর্ণাঙ্গ ও আধুনিক শিশু চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির উপদেষ্টা ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. আজফারুল হাবিব রোজ, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ। সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং শিশুস্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights