বগুড়ায় নিখোঁজের ১০ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল কিশোরের লাশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ধানক্ষেত থেকে নিখোঁজের ১০ ঘণ্টা পর মালেক সরদার (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চেঙ্গা মহল্লা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মালেক ওই এলাকার মৃত হাসমত আলীর ছেলে। সে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের একটি মুরগি দোকানের কর্মচারী ছিল।

নিহত মালেকের মা তারা বানু জানান, তার ছেলে মালেক প্রতিদিন ঠিক সময়েই দোকান থেকে বাড়ি ফিরতো। গত বৃহস্পতিবার রাতে সে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের ধান ক্ষেতে মালেকের লাশ পান।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মালেক দোকান বন্ধ করে পাশের দোকানের কর্মচারী মুক্তারের সাথে রেঁস্তোরায় খাওয়ার কথা বলে বেরিয়ে যায়। সকালে তার মরদেহ পাওয়া যায়।

মালেকের বন্ধু মুক্তার হোসেনের দাবি, দোকান থেকে গিয়ে তারা উপজেলার বারোমাইল এলাকার গার্ডেন ভিউ রেঁস্তোরায় খাওয়া দাওয়া করেন। এরপর রাত ১০ টার দিকে দুইজন মিলে অটোভ্যানে নিজদের এলাকায় যান। সেখানে গিয়ে মালেক তাকে কাজের অজুহাত দেখিয়ে একা বাড়ি চলে যেতে বলে।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহত মালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights