বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানুল ইসলাম রানা (৩২) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হানুল ইসলাম মৃত শাহ আনোয়ার হোসেনের ছেলে। তিনি সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কর্মরত ছিলেন এবং শনিবারই ঢাকার নৌপুলিশে যোগদানের কথা ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights