বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের সনদ তুলতে এসে বাসচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সনদপত্র তুলতে এসে বাসের চাপায় নিহত হয়েছেন এক যুবক। শুক্রবার দুপুর একটার দিকে বগুড়া- রংপুর মহাসড়কে বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফাইয়াদ আলম (২৭)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার লস্করীপাড়ার জহুরুল আলমের ছেলে। বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তিনি কিছুদিন আগে পাশ করেছেন।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, ফাইয়াদ আলম শুক্রবার বেলা ১২টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে তিনি বের হয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মহাসড়কে বগুড়ার বাঘোপাড়া খোলারঘর এলাকায় পৌঁছালে গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসের চালক কিছুদূরে গিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে বাস রেখে পালিয়ে যান। খবর পেয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান। তারা তাৎক্ষণিক মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বগুড়া থানা ও হাইওয়ে পুলিশ গিয়ে তাদের ক্যাম্পাসে ফেরৎ পাঠায়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাস এবং মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights