বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুাড়য় গভীর নলকূপের সাথে থাকা বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য নুর ইসলামকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার বিকেলে কাহালু উপজেলার তিনদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুর ইসলাম কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সাথে জড়িত।
রবিবার বগুড়া র্যাব-১২ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার সিদ্ধিপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের গভীর নলকূপের সাথে থাকা বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা। পরে গত ৯ ফেব্রুয়ারি আব্দুল মান্নান মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার বিকেলে কাহালুর তিনদিঘী এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় নুর ইসলামকে তার ব্যবহত মোবাইলসহ গ্রেফতার করা হয়।
বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, নুর ইসলাম দীর্ঘদিন যাবত বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নাম্বার লিখে অথবা ফোন করে বিকাশ নাম্বার দিয়ে টাকা দাবি করতো। দাবিকৃত টাকা পেলে বৈদ্যুতিক মিটারের অবস্থান মালিককে বলে দিত। এমনকি একটি মোবাইল সীম একজন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতো। তার বিরুদ্ধে কাহালু থানায় ১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
