বগুড়ায় যুব অধিকার পরিষদের ৮ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় ভিপি নূরের নেতৃত্বাধীন জেলা যুব অধিকার পরিষদের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে দায়ের করার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা মোতাবেক তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা যুব পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী (৪৮), যুব পরিষদের নেতা রফিকুল ইসলাম (৩৬), জামাল খাঁ (৫৬), তুলাল হোসেন (৪২), রবিউল ইসলাম (২১), আব্দুল হান্নান (৪৪), জাহাঙ্গীর আলম (২২) ও শিপন মিয়া (২৫)।

সোমবার দুপুর ২টার দিকে তাদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গোসাইবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে গত ১১ মার্চ মাসে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গত ১০ মার্চ বিকেলে যুব অধিকার পরিষদের নেতা জমশের আলীর নেতৃত্বে উপজেলার পারনাটাবাড়ি গ্রামে আলোচনা সভা করছিলেন। এসময় নেতারা সরকার বিরোধী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এতে বাধা দেন। এ ঘটনায় যুব অধিকার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে গোসাইবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করেন।
বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে ৮ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights