বগুড়ায় সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ায় সিনেমা হলে টিকেট কাটলেই সঙ্গে বিরিয়ানি ফ্রি দেওয়া হচ্ছে। গত রবিবার থেকে ধুনট উপজেলার ঝংকার সিনেমা হল এ ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছে।

ঝংকার সিনেমা হলের মালিক ইসহাক খান জানান, তার ছেলে ইমরান খান হলে দর্শক টানতেই মূলত এই কৌশল অবলম্বন করেছে। তিনি বলেন, ১৯৮৪ সালে ধুনট শহরে ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হল স্থাপিত হয়। দর্শক শূন্যতায় ২০১৪ সালে হলটিতে সিনেমা প্রদর্শন বন্ধ হয়। দীর্ঘ এক দশক পর গত ২০ এপ্রিল থেকে আবারও ঝংকারে ছবি প্রদর্শন শুরু করা হয়েছে। বর্তমানে হলে প্রদর্শিত হচ্ছে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া লিপস্টিক সিনেমা। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি।

হল মালিকের ছেলে ইমরান খান বলেন, আমাদের হল ৫০০ আসন রয়েছে। প্রতি টিকিটের দাম ১০০ টাকা করে। দর্শকদের হলে ভেড়ানোর জন্য প্রতি টিকেটের সঙ্গে এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হচ্ছে। যতদিন সিনেমা চলবে ততোদিন এই ফ্রি খাবার দেওয়া হবে।
তিনি বলেন, টিকেটের সঙ্গে বিরিয়ানির প্যাকেট ফ্রি দেওয়ায় দর্শকদের চাপ বেড়েছে। এছাড়াও সিনেমা দেখার সময় বিরিয়ানি খেতে পেরে দর্শকেরাও খুশি হচ্ছেন।

হলের দর্শকরা জানান, সিনেমা হলে টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি পাওয়ার বিষয়টি এবারই প্রথম। হলে বসে ভালো ছবি দেখার পাশাপাশি বিরিয়ানির স্বাদও নিতে পেরে অনেকে খুশি হয়েছেন। এই ব্যবস্থা চালু রাখলে সিনেমা হলে দর্শক ফিরে আসবে বলে মনে করেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights