বঙ্গবন্ধু সেতু পারাপারে মোটরসাইকেলের দীর্ঘ সাড়ি

টাঙ্গাইল প্রতিনিধি
পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে বিপুল সংখ্যাক মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। এতে বুধবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অনেকেই গণপরিবহনের পরিবর্তে মোটরসাইকেল নিয়ে নিজের গন্তব্য উদ্দ্যেশে যাচ্ছেন।

এর ফলে ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোল বুথের সামনে শত শত মোটরসাইকেল দেখা যায়। এতে সেখানে দীর্ঘ সাড়ির সৃষ্টি হয়েছে।

জানা যায়, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পাশেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা করছে সেতু পার হওয়ার সময়। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে।
নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গে যাওয়া মোবারক হোসেন বলেন, ভোররাতে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হয়েছি মোটরসাইকেলযোগে ঈদে বাড়ি যাওয়ার জন্য। মহাসড়ক ফাঁকা ছিল বিধায় তাড়াতাড়ি আসতে পেরেছি।

স্ত্রী নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছেন গ্রামীণ ব্যাংকে কর্মরত আবুল কালাম। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। সেতু পার হলেই বাড়ি। তাই স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছি। আমার মত শত শত মোটরসাইকেলের আরোহীরা অপেক্ষা করছে সেতু পার হতে।

মোটরসাইকেল আরোহীরা জানায়, ছুটির প্রথম দিনে মহাসড়ক ফাঁকা ছিল। ঝামেলা ছাড়াই মোটরসাইকেলে বাড়ি যাওয়া সহজ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ভোররাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সাড়ি ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights