বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তেই হাল ধরেছেন শেখ হাসিনা
সোহাগ ঘোষ, জবি প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যুদ্ধেরর পরেও আমরা কয়েকবছর অন্ধকারে নিমজ্জিত ছিলাম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্যই শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী সময়ে দেশে ফিরে হাল ধরেছেন। লড়াই সংগ্রাম করে দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আলোর পথে চলছে। তিনি নেতৃত্বে থাকলে দেশ আলোর পথ থেকে কখনোই বিচ্যুত হবেনা।’
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামনের জাতীয় নির্বাচনে জনগণ যাদের ভোট দিবে তারাই নির্বাচিত হবেন। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটাতেই বিশ্বাসী। আর বর্তমান সময়ে বাংলাদেশ আলোকিত পথ ধরে চলছে। এ আলোকিত পথ থেকে দেশ সামনে বিচ্যুতি হবে না।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘১৯৬৬ সালে যখন শেখ মুজিবুর রহমান ৬ দফা পেশ করলেন তখন আমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন কলেজ) পড়তাম। সবে ইন্টারমিডিয়েটে পড়ি। জগন্নাথ কলেজের নেতারা তখন ৬ দফার মূল ভিত্তি আমাদের বোঝাতেন। তৎকালীন জগন্নাথ কলেজে যদি না পড়তাম তাহলে হয়তো আমি বীর মুক্তিযোদ্ধা, একজন নেতা এবং একজন মন্ত্রী হওয়ার এ দূর্বার গতি আমার হতো না। জগন্নাথে ভর্তি হওয়ার পর থেকেই আমার গতি টা দূর্বার। কেউ আমাকে বাঁধা দিতে পারেনি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যালামনাইয়ের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলামসহ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।
