বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে নিউজিল্যান্ডের এক পরিবার, শিশু নিখোঁজ
কক্সবাজার প্রতিনিধি
অ্যাডভেঞ্চারে বেরিয়ে বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের কবলে পড়ে ট্রলার দ্বিখণ্ডিত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে নিউজিল্যান্ডের একটি পরিবার। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে কক্সবাজারের স্থানীয় জেলেরা তিনজনকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে এক শিশু।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রলারডুবির ঘটনায় নিউজিল্যান্ডের একটি পরিবারের তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস বলছে, নিউজিল্যান্ডের ওই নাগরিকেরা পরিবারসহ গত কয়েক দিন ধরে কক্সবাজার ও সংলগ্ন এলাকায় অ্যাডভেঞ্চারে অংশ নিচ্ছিলেন। ভ্রমণের একপর্যায়ে উত্তাল সাগরে তীব্র ঢেউয়ের ধাক্কায় তাদের বহনকারী ফিশিং ট্রলারটি হঠাৎ দ্বিখণ্ডিত হয়ে যায়। দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধারকাজ শুরু করেন। তারা দুজন পুরুষ ও একজন নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও এক শিশু পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।
