বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১১১৩ ফেইস থেকে মঙ্গলবার থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। প্রথম দিকে পরীক্ষামূলকভাবে দৈনিক ১৫শ থেকে ২হাজার টন এবং পরবর্তীতে দৈনিক ৩ হাজার থেকে ৩ হাজার ৫শ টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানানো হয়েছে।

জানা যায়, ফেইসটির রোডওয়ে উন্নয়ন কাজ গত ৪জুলাই শুরু হয়। রোডওয়ে উন্নয়নকালীন সময় বেল্ট গেট এবং ওপেন অব কাট রোডওয়েতে অনাকাঙ্খিতভাবে পরপর দুটি বড়ধরণের রুফফল সংঘটিত হওয়ায় বিসিএমসিএল ও চীনা কনসোটিয়াম ১১১৩ ফেইসের অর্থাৎ খনির সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে পূর্বের ডিজাইন পরিবর্তন করে প্রায় ৯০ মিটার দৈর্ঘ্যের নতুন ওপেন অব কাট নির্মাণ কাজ শুরু করে। রুফফলের কারণে নতুন ওপেন অব কাট নির্মাণ কাজের জন্য উক্ত ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করার পরিকল্পনা চলতি বছরের মে মাসের মাঝামঝি সময় থেকে পিছিয়ে জুন মাসের ১ম সপ্তাহে নির্ধারণ করা হয়।

আসন্ন এসএসসি পরীক্ষা ও গ্রীষ্মকালে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ চাহিদা নিরসনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলা এবং বিসিএমসিএল পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় বিসিএমসিএল-এর সবস্তরের কর্মকর্তা-কর্মচারী, চীনা কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় শ্রমিকদের সর্বাত্মক প্রচেষ্টায় ১১১৩ ফেইসে নতুন করে ওপেন আব কাট নির্মাণ, ১৩০৬ ফেইস থেকে সকল ইক্যুইপমেন্ট স্যালভেজ ও যথাযথ মেইন্টেন্যান্স করে ১১১৩ ফেইসে স্থাপন শেষে নির্ধারিত সময়ের ২০দিন পূর্বেই এ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তোলিত কয়লা নিকটস্থ বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে।১১১৩ ফেইসের কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩ লক্ষ টন এবং উক্ত ফেইস হতে আগামী আগস্ট মাস পর্যন্ত কয়লা উত্তোলন হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights