বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা, পরে উদ্ধার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

ভুয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে ৪০ ফুট লম্বা একটি কনটেইনার পাচারকালে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর সূত্র জানান, ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নামে আসা কনটেইনারটি বন্দর থেকে বের করে নেওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর হালিশহর এলাকা থেকে উদ্ধার করা হয়।

গত ৩১ মার্চ কনটেইনারটি পাচারের উদ্দেশ্যে জালিয়াতচক্র একটি সিঅ্যান্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান এবং গেইট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে ট্রেইলারে লোড করে সিপিএআর গেইট ব্যবহার করে কনটেইনারটি বের করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধান চালিয়ে কনটেইনারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে কনটেইনারসহ ট্রেইলারটি হালিশহর এলাকার একটি গ্যারেজে থেকে উদ্ধার করা হয়। এ সময় কনটেইনারটি পাচারের সাথে জড়িতরা পালিয়ে যায়।

বন্দর সচিব জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights