বন্দরে ডিজেল খালাস করছে ২টি জাহাজ, বহির্নোঙরে আছে আরও ৩টি

অনলাইন ডেস্ক
জ্বালানি সংকট নিরসনে আমদানি করা ডিজেলের বড় চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতিমধ্যে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ডিজেল খালাস করছে। বহির্নোঙরে অপেক্ষা করছে ডিজেল নিয়ে আসা আরও দুইটি এবং অকটেন নিয়ে আসা একটি জাহাজ।

এসব বিষয় নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা।

সোমবার বিকেলে তিনি জানান, চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি ওকট্রি’ ও প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ‘এমটি কেপ বনি’ জ্বালানি খালাস করছে। প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ ‘এমটি লিয়ান সং হু’, প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ এবং প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেনবাহী জাহাজ ‘এমটি নেভি সিয়েলো’ বাংলাদেশের জলসীমায় ঢুকেছে।

তিনি জানান, জ্বালানি সংকটের মধ্যে গত ১৯ দিনে দেশীয় তিনটি বেসরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত ১৫ হাজার ১৭০ টন অকটেন নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ৬১৫ মেট্রিক টন অকটেন সরবরাহ করেছে সুপার পেট্রো পিএলসি। প্রতিষ্ঠানটি ৭ হাজার ১৭৭ টন পেট্রল ও ১২ হাজার ৮৮৪ টন ডিজেলও দিয়েছে বিপিসিকে। পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড অকটেন দিয়েছে ৩ হাজার ২৬৪ টন, পেট্রল ১ হাজার ২৫৪ টন এবং ডিজেল ১ হাজার ৮৯৬ টন। অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড ২৯১ টন অকটেন, ৪ হাজার ১৩ টন পেট্রল এবং ৫১৮ মেট্রিকটন ডিজেল সরবরাহ করেছে বিপিসিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights