বন্যার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

অনলাইন ডেস্ক
নেপালের আকস্মিক বন্যার কয়েক দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী বা এপিএফ শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে।

এপিএফ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিমুরে সীমান্ত টহল চৌকির কাছে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত।

উদ্ধারের পর ওই সন্ধ্যাতেই শিশুটিকে একটি উদ্ধার শিবিরে নেওয়া হয়। এপিএফের একজন মুখপাত্র জানান, রাতভর বিশ্রাম নেওয়া ও খাবার খাওয়ার পর শনিবার সকালে প্রথমবারের মতো কথা বলে শিশুটি।

উদ্ধারকারীদের কাছে শিশুটি জানায়, তার নাম মানিশা এবং বয়স ছয় বছর।

বর্তমানে মানিশা নেপালের রসুয়া জেলায় চিকিৎসাধীন রয়েছে। তবে তার বাবা-মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে এপিএফ।

বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কয়েক দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধারের ঘটনাটি উদ্ধার অভিযানে নতুন করে আশার সঞ্চার করেছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights