বন্যার্তদের ত্রাণ দিতে ছুটছেন শেকৃবির শিক্ষার্থীরা

শেকৃবি প্রতিনিধি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সহায়তায় প্রায় ৭ লক্ষ টাকার ত্রাণসামগ্রী ও শুকনো কাপড় উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এরপর থেকে অফলাইনে এবং অনলাইনে টাকা উত্তোলন এবং শুকনো কাপড় সংগ্রহ করতে থাকেন তারা। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দোকানগুলো থেকে গণসংযোগ চালিয়ে টাকা উত্তোলন করেন শিক্ষার্থীরা। এছাড়াও অনলাইন মাধ্যমে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা সংগ্রহ করেন তারা।

শিক্ষার্থীদের এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও। বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে সাদা দলের পক্ষ থেকে ১ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা এবং নীল দলের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা বন্যার্তদের জন্য অনুদান দেওয়া হয়। এছাড়া কর্মকর্তারা ৫৬ হাজার টাকা এবং কর্মচারীরা ৫২ হাজার টাকা বন্যার্তদের মাঝে বিতরণের জন্য অনুদান দিয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় মন্দির কর্তৃপক্ষ থেকে জন্মাষ্টমীর র‍্যালি বন্ধ করে পূজার বাজেটের একটি অংশ শিক্ষার্থীদের অনুদান ফান্ডে দান করেছে। ত্রাণবাবদ নগদ অর্থ উত্তোলনের পর ত্রাণসামগ্রী ক্রয় করে তা প্যাকেজিং করে শিক্ষার্থীরা।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্যাকেজিংয়ের কাজ শুরু হয়। ত্রাণসামগ্রী বাবদ চাল, ডাল, মুড়ি, চিনি, লাইটার, সাবান, ন্যাপকিন, স্যাভলন, খাবার স্যালাইন, পুরাতন কাপড়, ঔষধ, তেল, খাবার পানি ইত্যাদি ক্রয় করে প্যাকেজিং করে শিক্ষার্থীরা। প্যাকেজিং শেষে শনিবার রাতে বিতরণের জন্য কুমিল্লা ও ফেনীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, বন্যাকবলিত আমাদের ভাই-বোনদের সহায়তার জন্য গত কয়েকদিন থেকে কর্যক্রম চালাচ্ছি। আজকে আমাদের গণত্রাণ কর্মসূচি ছিল। এতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। অনেকে অনেকভাবে আমাদের সহায়তা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights