ববির ভিসি-প্রোভিসি ও ট্রেজারারকে অব্যাহতি, অন্তর্বর্তী ভিসি নিয়োগ

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভাইস-চ্যান্সেলরের (ভিসি) পদ থেকে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রোভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানি ও ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদকেও অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন অন্তর্বর্তী ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া আলাদা প্রজ্ঞাপনে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন জারির পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে। এসেছে অনশনসহ দক্ষিণাঞ্চল অচল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাও।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, এক দফা দাবি পূরণ হওয়ায় আমরা আনন্দ মিছিল করেছি। প্রজ্ঞাপন জারির পর আমাদের অনশন ও মহাসড়ক ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় ৯টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights