বরগুনায় বিচার প্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জর ভিত্তিপ্রস্তর স্থাপন
গোবিন্দ মালাকার,বরগুনাঃ বরগুনা আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হতে যাচ্ছে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি।
শুক্রবার ২ জুন সকাল ১০টায় বরগুনা আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম। ফলক উন্মোচনের পরে জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে জগন্নাথ পাঁড়ে স্মৃতি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিচারপতি মো. সেলিম বলেন, বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে কোনো ধরনের যাতে সমস্যা না হয় সেজন্য প্রধান বিচারপতির নির্দেশে সারা বাংলাদেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। এক হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যান্টিনের সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। সব শ্রেণি-পেশার মানুষ যাতে ন্যায়কুঞ্জের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে।
এ সময় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, পুলিশ সুপার আবদুস সালাম, বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আক্তারুজ্জামান বাহাদুর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস, বরগুনা পৌর মেয়র কামরুল ইসলাম মহারাজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
