বরিশাল আদালতপাড়ায় বোমা বিস্ফোরণ: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল আদালতপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার রাতে কোতয়ালী মডেল থানায় মামলাটি করা হয়।

কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মাদ কামরুল হায়দার রুবাইয়াত বাদী হয়ে মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, পরস্পর যোগসাজশ ও সহায়তায় অন্তর্ঘাতী কার্যক্রমের মাধ্যমে জীবন ও সম্পত্তির ক্ষতিসাধন এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের অভিযোগে মামলাটি করা হয়েছে।

তিনি বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে কিছু জানা যেতে পারে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটক থেকে প্রায় ১০ গজ দূরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আদালত প্রাঙ্গণে থাকা লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। সেখান থেকে বিস্ফোরিত কাদামাটি, কাদামাটিসহ বারুদ, বিস্ফোরিত বোমার কাচের পাঁচটি টুকরা, জর্দার কৌটার মুখ এবং বোমা প্যাকেটজাত করার একটি খাকি খাম উদ্ধার করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে থাকা একটি ১০ তলা ভবনের ক্ষতিসাধনের উদ্দেশ্যে বোমাটি রাখা হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। বোমা বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে বোমাটি রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights