বরিশাল মেডিকেলের ৬ চিকিৎসকের ইন্টার্নশিপ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৬ ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়াও হাসপাতালের ৪ চিকিৎসক স্বাচিপ নেতাকে অন্যত্র বদলির জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দুই শিক্ষকের বদলির চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

শনিবার বিকেলে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম ও অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ১২ চিকিৎসককে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ৬ জন ইন্টার্ন চিকিৎসকের দুই বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে। এছাড়াও হাসপাতালের ৪ চিকিৎসককে বদলির জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

যাদের ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে তারা হলেন- ইন্টার্ন চিকিৎসক মহসীন বিভা, আরিফুজ্জামান ইমন, সাদমান বাকির সাবাব, প্রীতম দেবনাথ, অর্ঘ্য বিশ্বাস ও আসিফুল ইসলাম।

বদলি সুপারিশ করা চিকিৎসকরা হলেন সিনিয়র কনসালটেন্ট ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক সুদীপ কুমার হালদার, আবাসিক সার্জন স্বাচিপের জেলার যুগ্ম সাধারন সম্পাদক মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার শিরিণ সাবিহা তন্নী ও ইন্টারন্যাল মেডিকেল অফিসার (মেডিসিন ইউনিট -৪) এএসএম সায়েম।

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার জানান, স্বাচিপ জেলা সভাপতি জিএম নাজিমুল হক ও সহকারী অধ্যাপক সৌরভ সুতারের বদলির দাবিতে শিক্ষার্থীরা একটি আবেদন করেছে। ওই আবেদনের কপি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

হাসপাতাল ও মেডিকেল কলেজে বর্তমানে না থাকায় সাবেক পরিচালক বাকির হোসেন ও সাবেক অধ্যক্ষ এসএম সরোয়ারের বিষয়ে কোনো সিদ্বান্ত নেয়া হয়নি।

মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী তাসকিন আহমেদ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ গালি দেয়া এবং নানাভাবে নির্যাতন করে কলজের শিক্ষক ও হাসপাতালের চিকিৎসকরা। তাদের বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ করা হয়েছে। সমাবেশে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বক্তব্য রাখেন। পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পৃথকভাবে হাসপাতাল পরিচালক ও মেডিকেল কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights