বরিশালে ছাত্রবাস থেকে বহিস্কৃত সমন্বয়কের পক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমন্বয়ককে ছাত্রাবাস থেকে বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে একদল শিক্ষার্থী। রবিবার দুপুরে কলেজের গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে তারা।

সমন্বয়ক শাহাবুদ্দিন মিয়াকে গত ৭ সেপ্টেম্বর কলেজের মহাত্মা অশ্বিনী কুুমার ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছিল। অর্ধশত শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ছাত্রাবাস কর্তৃপক্ষ তার সিট বাতিল করে।

শাহাবুদ্দিন বিএম কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের অন্যতম সমন্বয়ক তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, হল দখল করে অবাধে মাদক সেবন চলত। শাহাবুদ্দিন মিয়া তাতে বাঁধা দিলে মাদক সেবীরা তার উপরে ক্ষুদ্ধ হয়। এরপর তার বিরুদ্ধে কলেজ প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে তাকে হল থেকে বহিষ্কার করে।

শিক্ষার্থীরা দাবি করেছেন, শাহাবুদ্দিন মিয়া মাদকসেবী নন, তার ডোপ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তাই অবিলম্বে শাহাবুদ্দিন মিয়ার ছাত্রাবাসের বরাদ্দকৃত সিট পুনর্বহাল না করা হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ঘোষণা দেন সংবাদ সম্মেলন থেকে।

এ বিষয়ে অভিযুক্ত শাহাবুদ্দিন মিয়া বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে তার সিট বাতিল করা হয়েছে। তিনি মাদকসেবী নন বিষয়টি প্রমাণ করার জন্য ডোপ টেস্ট করেছেন। যেখানে স্পষ্ট প্রমাণিত হয়েছে তিনি মাদকসেবী নন। বিষয়টি ছাত্রাবাস সুপার এবং কলেজ অধ্যক্ষকে অবহিত করেছেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য সময় চেয়েছেন।

এ বিষয়ে অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে কলেজ অধ্যক্ষের সাথে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights