বরিশালে ডিজিটাল স্বাক্ষর বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালে ডিজিটাল স্বাক্ষরের প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদ রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. ইসরাইল হোসাইন এবং সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের সহকারী পরিচালক লুৎফুন নাহার।

সেমিনারের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা ডিজিটাল স্বাক্ষরের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
সেমিনারে জানানো হয়, সরকারি অফিসে ইলেক্ট্রনিক রেকর্ড ও ইলেক্ট্রনিক স্বাক্ষর ব্যবহারের আইনানুগ স্বীকৃতি প্রদান করা হয়েছে। সে অনুযায়ী ২০১১ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি সংযুক্ত অফিস হিসেবে ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক কার্যালয় প্রতিষ্ঠিত হয়। এই ধারাবাহিকতায় ২০১২ সালের ১৮ এপ্রিল রুট কী জেনারেশন সিরিমনির মাধ্যমে সিসিএ কার্যালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার কার্যক্রম শুরু হয়। ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে ই-সেবা বা ই-কার্যক্রমের তথ্য বা ডকুমেন্টের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হয়। অন্যথায় সাইবার নিরাপত্তার অভাবে ডিজিটাল কার্যক্রম বা ট্রানজেকশন সমূহ হুমকির মধ্যে পড়ে। বর্তমানে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। ডিজিটাল স্বাক্ষর একটি ক্রিপ্টোগ্রাফিক কৌশল যা ডিজিটাল তথ্যের বিষয়গুলো নিশ্চিত করে। সেমিনারে অংশগ্রহণকারীরা ডিজিটাল স্বাক্ষর ও ই-সাইন কি’র ব্যবহার, ডিজিটাল স্বাক্ষর ও ই-সাইন ব্যবহার বৃদ্ধিতে করণীয়, পিকেআই সিস্টেম, সংশ্লিষ্ট আইনের ধারা ও বিধিসমূহ সহ হাতে-কলমে ডিজিটাল স্বাক্ষরের বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে অবহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights