বরিশালে ডেঙ্গু জ্বরে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধা ও এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে এ বছরের সবচেয়ে বেশি ১৩১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

মারা যাওয়া দুই রোগী হলেন বরিশাল সদর উপজেলার কর্নকাঠি গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধা হেনোরা বেগম ও বরগুনা বামনা উপজেলার বাসিন্দা রুম্মান চৌধুরী (২৪)।
বৃদ্ধা হেনোরা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও রুম্মান বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারী থেকে শনিবার পর্যন্ত বরিশাল বিভাগের মারা যাওয়া রোগীরা সরকারী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন রোগী বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনজন করে পিরোজপুর ও বরগুনা এবং দুইজন করে ভোলা ও পটুয়াখালীর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখন পর্যন্ত ঝালকাঠি জেলার কোন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।

গত ১ জানুয়ারী থেকে শনিবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৯৬ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ৫ হাজার ৭৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩৮২ জন রোগী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা সরকারি হাসপাতালে ভর্তি হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দেয়ার স্যালাইন ও ওষুধ পর্যাপ্ত রয়েছে।

আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়ার চেয়ে প্রতিরোধ করা উত্তম জানিয়ে স্বাস্থ্য পরিচালক বলেন, এ জন্য সবাইকে সচেতন হতে হবে। বাসার আশে পাশের জমে থাকা পানি ও নোংরা আবর্জনা পরিস্কার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights