বরিশালে পরিবারের ৫ সদস্যকে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকায় এক ব্যবসায়ীর পরিবারে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ১৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ পৌঁনে ৪ লাখ টাকা লুট করেছে। খবর পেয়ে মেট্রো পুলিশের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন।

ডাকাত আক্রান্ত পরিবারের কর্তা ব্যবসায়ী হাফিজ হাওলাদার জানান, শনিবার দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে তার বাসার রান্না ঘরের জানালার গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে মুখোশধারী ৬ থেকে ৭ জন দুর্বৃত্তরা। ঘরে ঢুকে তারা আগ্নেয়াস্ত্রের মুখে গৃহকর্তাসহ পরিবারের ৫ সদস্যকে বেঁধে ফেলে। এ সময় তারা আলমিরা ও ওয়ারড্রোপ তল্লাশী করে নগদ পৌঁনে ৪ লাখ টাকা এবং ১৪ ভর্তি স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতরা চলে যাওয়ার পর একে অপরের বাঁধন খুলে দিয়ে তারা ডাক চিৎকার দেয়। ডাকাতদের ধরতে আশপাশের বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়। ততক্ষণে তারা পালিয়ে যায়।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবরের অভিযোগ মামলা হিসেবে রুজু করে তদন্ত চলছে বলে ওসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights