বরিশালে মঞ্জু হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে ভ্যানচালক মঞ্জু হত্যার বিচার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার বেলা এগারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

এতে মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা। নিহত মঞ্জু বেপারী (৫০) কাসেমাবাদ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এলাকাবাসী জানান, গত ১০ জানুয়ারি রাতে ভ্যানচালক মঞ্জুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনদিন পার হলেও এখনও ঘটনার রহস্য উদঘাটন কিংবা আসামিদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

তারা আরও বলেন, দ্রুত মঞ্জুকে হত্যায় জড়িতদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় আমিনুল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights