বরিশালে শিশু চুরির দায়ে নারীর কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬ বছর পূর্বে নবজাতক চুরি করে পালানোর সময় আটক নারীকে ৭ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের বিনাশ্রম সাজা ভোগ করতে হবে।

মঙ্গলবার বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন বলে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানিয়েছেন।

দণ্ডিত হোসনে আরা বেগম (৩৬) রায় ঘোষণার পূর্ব থেকে পলাতক রয়েছেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের আলগী পাতাকাটা এলাকার এমদাদুল সরদারের স্ত্রী। বর্তমানে হোসনে আরা বেগম কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার আকরা হাজী বাড়ির ভাড়াটিয়া।

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১৯ সালের ১০ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয় নলছিটি উপজেলার মগর গ্রামের বাসিন্দা রাসেল হাওলাদারের স্ত্রী। অসুস্থ স্ত্রীকে আইসিইউতে নেওয়ার পর পুত্র সন্তানকে শাশুড়ির কাছে দেয়। শাশুড়ি সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে।

এ সুযোগে হোসনে আরা বেগম শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন হাসপাতালের নিচ তলায় তাকে শিশুসহ আটক করে পুলিশের কাছে দেয়। এ ঘটনায় ওই রাতে কোতয়ালী মডেল থানায় মামলা করে রাসেল হাওলাদার। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানার এসআই সমিরন মন্ডল একমাত্র হোসনে আরা বেগমকে আসামি করে চার্জশিট দেন।

বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর আর আদালতে হাজির হননি হোসনে আরা বেগম। তার অনুপস্থিতে মামলার বিচার কাজ শেষ করা হয়। তাকে গ্রেফতারের পর সাজা কার্যকর হবে। অর্থদণ্ড দিলে তা বাদী রাসেল হাওলাদারকে দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights