বরিশালের ছয়টি আসনে ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৩৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন।

এর মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ৫ জনকে, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ৮ জনকে, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৬ জনকে, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ৫ জনকে, বরিশাল-৫ (সদর) আসনে ৬ জনকে এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ৬ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৪৩ জন। এর মধ্যে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৩৬ জন প্রার্থী রয়েছেন। দলীয় মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেছেন। সব মিলিয়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে বরিশালজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights