বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ
অনলাইন ডেস্ক
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে সোমবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নবাগত শিক্ষার্থীরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তিন পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় পর্বে অংশ নেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, রাষ্ট্রবিজ্ঞান এবং সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা। শেষ পর্বে ইংরেজি, ফার্মেসি, পুষ্টি ও খাদ্য প্রকৌশল এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে উপাচার্য ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নিজেকে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধ চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আউয়াল নবীন শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন। পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের সেবা ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। সমাপনী বক্তব্যে রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘মিট দ্য ভিসি’ পর্ব। এতে বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীরা সরাসরি উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। উপাচার্য তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষাজীবনে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। পরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা পরিবেশনার মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
