বসুন্ধরা আবাসিকে ‘আপন হেলথকেয়ার’-এর যাত্রা শুরু
অনলাইন প্রতিবেদক
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ‘এ’ ব্লকে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে আপন হেলথকেয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।
উদ্বোধন উপলক্ষে আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চিকিৎসা সেবায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
কর্তৃপক্ষ জানায়, এখানে দেশের স্বনামধন্য চিকিৎসকদের মাধ্যমে সেবা প্রদান করা হবে। আধুনিক প্রযুক্তি-সজ্জিত ল্যাবে রয়েছে উন্নতমানের দুই লেয়ার মেশিন, যার মাধ্যমে আন্তর্জাতিক মানের পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করা হবে। রোগীদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে ওঠার লক্ষ্যেই যাত্রা শুরু করেছে এই স্বাস্থ্যসেবা কেন্দ্র।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, খুব শিগগিরই অ্যাম্বুলেন্স সেবা চালুর পাশাপাশি ডে-কেয়ার কেমোথেরাপি ও ডে-কেয়ার ডায়ালাইসিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া রোগীদের জন্য বিনামূল্যে হোম স্যাম্পল সংগ্রহের সুবিধাও রাখা হবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক, খ্যাতনামা ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহির রায়হানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এক ছাদের নিচে বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। যাতে রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার কাঠামো গড়ে তোলা হয়েছে।
