বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪৮ রোগীর অপারেশন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে ৪৮ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত হাসপাতালটিতে দিনব্যাপী এ অপারেশন অনুষ্ঠিত হয়। এই উদ্যোগে সহায়তা করেছে ভিশন কেয়ার ফাউন্ডেশন ও চিকিৎসা সহায়তা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. আক্তার ফেরদৌসি জাহান ও ডা. জেরিন পারভীন। এদিন ৪০ জন নারী ও আটজন পুরুষের অপারেশন করা হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব, দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই এমন উদ্যোগ চলমান রয়েছে। গত সপ্তাহে বিনামূল্যে আরও ৪৯ জন রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এখন পর্যন্ত ৩ হাজার ৪৯২ জন রোগীর বিনামূল্যে চোখের অপারেশন করা হয়েছে হাসপাতালটিতে।

তিনি বলেন, সারা দেশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখান থেকে অপারেশন প্রয়োজন এমন অসহায় রোগী বাছাই করে ঢাকায় এনে অস্ত্রোপচার করা হয়। হাসপাতালে আনা-নেওয়া, থাকা-খাওয়ার ব্যবস্থা হাসপাতাল থেকেই করা হয়। এ ক্যাম্পটি গত ৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। কাম্পে মোট ১ হাজার ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। গতকাল সেখানকার চতুর্থ ব্যাচের ৪৮ জন রোগীর অপারেশন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights