বহির্নোঙরে জলদস্যুতা বেড়েছে, নিরাপত্তা জোরদারের দাবি চট্টগ্রাম চেম্বারের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে জলদস্যুতার ঘটনা বেড়েছে উল্লেখ করে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে জরুরি চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

বুধবার পাঠানো ওই চিঠিতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক উল্লেখ করেন, গত এক মাসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজে জলদস্যুতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল, জাহাজের সরঞ্জাম ও মূল্যবান যন্ত্রাংশ লুট হয়েছে। এতে বিদেশি জাহাজের মালিক, শিপিং এজেন্ট ও নাবিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

চিঠিতে বলা হয়, বহির্নোঙরের নিরাপত্তাহীনতা শুধু শিপিং শিল্পের জন্য নয়, জাতীয় অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে। এ ধরনের ঘটনার কারণে বিদেশি শিপিং অপারেটরদের মধ্যে উদ্বেগ বাড়তে পারে, যা ভবিষ্যতে অতিরিক্ত বীমা ব্যয়, জাহাজ পরিচালনায় বিলম্ব এবং বাণিজ্য ব্যয় বৃদ্ধির কারণ হতে পারে।

চেম্বার সভাপতি আরও বলেন, সরকার যেখানে ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নত এবং ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে, সেখানে এ ধরনের ঘটনা সেই লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে।

চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সাম্প্রতিক দস্যুতা ও চুরির ঘটনাগুলো আন্তর্জাতিক ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে বিনিয়োগবান্ধব ও নিরাপদ আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে বহির্নোঙরের ঝুঁকিপূর্ণ এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধী চক্রের সদস্যদের পাশাপাশি চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights