বাংলাদেশি খাবার নিয়ে কলকাতায় শুরু হচ্ছে খাদ্য উৎসব

দীপক দেবনাথ, কলকাতা

কলকাতায় আপনার খাবারের টেবিলে থরে থরে সাজানো কুবুলি, আখনি পোলাও, আলুর ডাল, এচোড়ের কোরমা, আনারশি কাতলা, ইলিশ দোপিয়াজা, বিয়েবাড়ির রেজালা, মোরগ কোরমা, লাচ্ছা সেমাই এবং আরও হরেক রকম ডিশ। ভাবছেন, তা কি আবার হয় নাকি! তবে বাস্তবে এমন উদ্যোগ নিয়েছেন রন্ধন বিশেষজ্ঞ নয়না আফরোজা।

এপার বাংলার (পশ্চিমবঙ্গ) মেয়ে হলেও আফরোজা বৈবাহিক সূত্রে বাংলাদেশের বধূ। তবে কলকাতাকে ভুলে যাননি তিনি। তাইতো কলকাতা তথা পশ্চিম বঙ্গবাসীদের জন্য বাংলাদেশি খাবারের স্বাদ তুলে দিতে আফরোজ এক উদ্যোগ গ্রহণ করেছেন।

কলকাতায় বাংলাদেশি তথা বাঙালি খাবারের সম্ভার নিয়ে একটি রেস্তোরাঁ তৈরি করেছেন আফরোজা। যার নাম ‘আহেলি’। বছরের পর বছর ধরে ভোজন রসিক বাঙ্গালিদের মুখে বাঙালি খাবার তুলে দিচ্ছে আফরোজার ‘আহেলি।’
শুধু তাই নয়, প্রতিবছরই নিয়ম করে খাদ্য উৎসবের আয়োজনও করে থাকেন তিনি। চলতি বছরের ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত খাদ্য উৎসবের আয়োজন করেছেন আহেলি। ‘ফ্লেভার অব বাংলাদেশ’ এই নামে এই খাদ্য উৎসবে বাংলাদেশের ফ্লেভারের নানা স্বাদের খাবার পাওয়া যাবে আহেলির ৩টি আউটলেটে- কলকাতার দ্য পিয়ারলেস ইন, শরৎ বোস রোড এবং রাজারহাটের এক্সিস মলে।

প্রথম পর্যায়ে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা, দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব। ঢাকা থেকে শুরু করে খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং রংপুরসহ বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে বিশেষভাবে সাজানো হয়েছে এই খাদ্য উৎসবের খাবারের তালিকা।

কলকাতা শহরের সেরা বাঙালি খাবারের রেস্তোরাঁগুলোর মধ্যে ‘আহেলি’ জায়গা করে নিয়েছে তার সুস্বাদু খাবার এবং পরিষেবার জন্য। মুগ্ধ করেছে খাদ্য অনুরাগীদের।

আহেলির কর্ণধার নয়না আফরোজও নিজের দক্ষতার জোরে একজন স্বনামধন্য শেফ এবং খাদ্য বিশেষজ্ঞ হিসাবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার পাঁচ তারকা হোটেল ‘পিয়ারলেস ইন’এ বেশ কিছু বাংলাদেশি ডিশ রান্না করে সকলের সামনে উপস্থাপন করেন। এরপর সংবাদ সম্মেলনে আফরোজা জানান ‘খাদ্য উৎসবে যে মেন্যু তালিকা রাখা হয়েছে, তাতে বাংলাদেশের আটটি বিভাগের সেরা খাবারগুলো তুলে ধরা হবে। প্রায় ৪২ রকমের খাবারের আইটেম রয়েছে। সেই সাথে বাংলাদেশের সেরা খাবার ইলিশের লেজ ভর্তাও রয়েছে। খাওয়া-দাওয়ার শেষ পাতে থাকছে মিষ্টি, পায়েস ও দধি।’

পিয়ারলেস ইন আহেলি’র ম্যানেজার তাপস দেব জানান, নয়না আফরোজের তৈরি করা কিছু খাবার নিয়ে এই উৎসব শুরু হচ্ছে যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার সুস্বাদু খাবারগুলি রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights