বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে : পাকিস্তান হাইকমিশনারের
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০০টি বৃত্তির ব্যবস্থা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে।
বেরোবি উপাচার্য পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলকে উত্তরবঙ্গের বিদ্যাপীঠ শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে স্বাগত জানান উপাচার্য। তিনি অতিথিদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালা ও সেমিনার আয়োজন এবং শিক্ষামূলক বিনিময় কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল ও বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোৎ. ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। সাক্ষাৎ শেষে উপাচার্য পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন। পরে প্রতিনিধি দলটি রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।
