বাংলাদেশিদের মধ্যে অনন্য এক রেকর্ড এখন শুধুই লিটনের

স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টে আরেকটি বিশেষ কীর্তির খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত থামতে হয়েছে লিটন দাসকে। দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে আউট হলেও বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান গড়েছেন অনন্য এক রেকর্ড, যা দেশের ক্রিকেটে এখন শুধুই তার দখলে।

প্রথম ইনিংসে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লিটন। দ্বিতীয় ইনিংসেও ছিলেন দারুণ ছন্দে। তাই অনেকেই আশা করেছিলেন, এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার বিরল কীর্তি হয়তো গড়তে যাচ্ছেন তিনি।

তবে হাসান আলির বলে ডিপ থার্ডম্যান দিয়ে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিলে ৬৯ রানেই শেষ হয় তার ইনিংস।

এই ইনিংসে শতক পেলে মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড গড়তেন লিটন। যদিও সেই মাইলফলক স্পর্শ করা হয়নি, তবু অন্য এক জায়গায় ইতিহাস লিখেছেন তিনি।

বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে একই টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করার ঘটনা ঘটেছে মোট তিনবার, আর তিনবারই করেছেন লিটন।

প্রথমবার ২০২১ সালে চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১১৪ ও দ্বিতীয় ইনিংসে ৫৯ রান করেছিলেন তিনি। এরপর ২০২২ সালে মিরপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৪১ ও ৫২ রান। আর এবার সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে খেললেন ১২৬ ও ৬৯ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights