বাংলাদেশের বিপক্ষে সতর্ক ভারত!

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছে আয়োজক ভারত। প্রথমে অস্ট্রেলিয়া, এরপর আফগানিস্তান এবং সবশেষ ম্যাচে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে নিজেদের হারিয়ে খুঁজেছে।

দারুণ ফর্মে থাকা ভারত আর ছন্দের খোঁজে থাকা বাংলাদেশ এবার মুখোমুখি। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে দুই বিপরীত অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারত। টানা তিন ম্যাচ জিতে উড়ছে রোহিত শর্মারা। অন্যদিকে প্রথম ম্যাচ জেতার পর দুই ম্যাচে হার দেখেছে টাইগাররা। আছে টেবিলের সাত নম্বরে। রানরেটের হিসেবটাও অনুকূলে নেই টাইগারদের জন্য। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বলেই কিনা কিছুটা আশাবাদী বাংলাদেশ ভক্তরা। যদিও ভারতের পক্ষেই বাজি ধরছেন বেশিরভাগ মানুষ।
বাংলাদেশ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে। তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের বিপক্ষে কি ভারত একটু বাড়তি সতর্কও থাকবে? উত্তরে পরশ বলেছেন, ‘সত্যি বলতে আপনি যখন বিশ্বকাপ খেলবেন, প্রতিটা দলই চ্যালেঞ্জ জানাবে। আমাদের দিক থেকে কোনো দলই কোনো দলকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। যেকোনো কিছু হতেই পারে। কিন্তু আমাদের দিক থেকে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ।’

‘কারণ আমরা একমাত্র দল যারা নয়টা দল ও নয়টা আলাদা জায়গায় খেলবো। যেটা আমাদের আলাদা চ্যালেঞ্জ দেবে। আমরা এর জন্য প্রস্তত থাকতে চাই। প্রতিপক্ষ বাংলাদেশ বা নেদারল্যান্ড হতে পারে, আমরা তাদেরকে একই রকম গুরুত্ব দিচ্ছি।’- যোগ করেন পরশ।

ভারতের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ দল। তাই বাংলাদেশের কাছে হারলে সেটি কি ‘আপসেট’ হবে? ভারতের বোলিং কোচের জবাব, ‘এটা একটা খেলা। যাই ফল আসুক, পরিকল্পনা অনুযায়ী সক্ষমতার সেরা প্রয়োগ যে করবে সেটা হবে। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। একটু আগে যেমন বলেছি প্রতিটা ম্যাচ ও প্রতিপক্ষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

‘আমরা ওই দিকটাতে দেখছিই না (আপসেট হবে কি না)। আমরা নজর দিচ্ছি কী করতে পারি ও এই ম্যাচ থেকে কী অর্জন করা যায়। আমাদের পরিকল্পনা আছে, সেটা প্রয়োগ করতে পারলে জিতবো। এটা নিয়েই দলের মধ্যে কথা হচ্ছে। প্রতিপক্ষ নিয়ে কিছু না। ’-যোগ করেন পরশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights