বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে : মান্না

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‌‘আমি যা দেখছি, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে। যেভাবে দেশের বড় রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য প্রকাশিত হয়েছে, এটা আমাদের সবার জন্য দুশ্চিন্তার।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের যত বড় কঠিন কাজই হোক, সেই কাজ নিজেদের মধ্যে কথা বলে, আলোচনা করে সমাধানের দিকে যেতে। আমরা চাই বাংলাদেশের কোটি কোটি জনতা একসঙ্গে থাকুক, যাতে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখতে পারি। মেহনতি জনতার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।’

ফিলিস্তিনে গণহত্যা বিষয়ে তিনি বলেন, ‘গাজার এইবারের ঘটনা প্রমাণ করেছে যে, এত বড় অমানবিকতা সম্ভবত পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই, যারা দেশের আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে একত্রিত হয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights