বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরও গভীরের পথ ও উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল পরিচয়পত্র প্রদানকালে লি জে মিয়ং এই মন্তব্য করেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় দূতাবাস জানায়, অত্যন্ত মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতকালে রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও তাদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে প্রচেষ্টা চালানোর আগ্রহ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা করেন।

তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ঘোষিত লক্ষ্যমাত্রার প্রশংসা করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights