বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দুস্থানের লোকজন কোন কারণ ছাড়াই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সু-সর্ম্পক নষ্ট করার পাঁয়তারা করছে। আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এসব কর্মকাণ্ড দুঃখজনক। এগুলো মেনে নেওয়ার মতো নয়।

তিনি বলেন, আন্তর্জাতিক আইনে যে কোন দেশের হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা দেওয়া সেই দেশের দায়িত্ব। ভারত সরকার তা পালন করতে ব্যর্থ হয়েছে। উল্টো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর মতো হাস্যকর কথা বলেছেন।

মঙ্গলবার বিকালে নাটোর শহরের কানাইখালি বাস মালিক সমিতির সামনে আয়োজিত নিহত নাটোর পৌর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সুজনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৩ সালের ২ ডিসেম্বর নাটোর ফায়ার সার্ভিসের সামনে বিএনপির হরতালে পিকেটিং করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজনের স্মরণে আয়োজন করা হয়।

দুলু বলেন, স্বাধীনতার পর যে কোন সময়ের চেয়ে বর্তমানে দেশের সনাতন ধর্মের লোকেরা ভালো আছেন। নিরাপদে আছেন। এখানে কোন হামলা নির্যাতনের ঘটনা ঘটছে না। অথচ ভারতের কিছু মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে উস্কানি দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ সব সময় হিন্দু মুসলমান বৌদ্ধ খিস্টান সকলে মিলে মিশে বসবাস করে। আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে কোন ষড়যন্ত্র হলে সকলে মিলে রুখে দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধে যেমন দেশের মানুষ ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোন আঘাত আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দুলু আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগিরা ভারতে পালিয়ে থেকে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর অপচেষ্টা করছে। বাংলাদেশে নির্মম গণহত্যা পরিচালনাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।

নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights