বাংলার সংসদ হবে ১৮ কোটি জনতার প্রতিনিধিত্বের সংসদ : মামুনুল হক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানীকে বিজয়ী করতে ভোটারদের কাছে ভোট চাইলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার বিকালে তিনি নেত্রকোনার দুর্গাপুরে খেলাফত মজলিসের প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দেন। এসময় মামুনুল হক বলেন, সংসদ শুধু বড়লোকদের আড্ডাখানা থাকবে না, সংসদ শুধু বড়লোকদের বৈঠকখানা থাকবে না। বাংলার সংসদ হবে ১৮ কোটি জনতার প্রতিনিধিত্বের সংসদ।

জেলার সীমান্ত উপজেলা দুর্গাপুরের সুসং সরকারি কলেজ মাঠে নেত্রকোনা-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানির নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, আপনারা কি আবার খুন-গুমের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি আবার সেই হত্যাকাণ্ডের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি আবার সেই সন্ত্রাসবাদের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি আবার দুর্নীতি-লুটপাটের বাংলাদেশে ফিরে যেতে চান? যদি না চান, তাহলে রাস্তা একটাই ১১ দলীয় জোটের ঐক্যের পক্ষে বাংলাদেশ জুড়ে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনাদের সেই গণজোয়ারে শামিল হতে হবে।

আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ থেকে দখলবাজির রাজনীতিকে চিরতরে বিদায় করার জন্য। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি, পাহাড়ি—ভাইয়েরা আসুন, আমরা ১১ ভাই যেভাবে হাতে হাত রেখেছি, সেভাবে আপনারাও রাখুন।

জনসভায় বক্তব্য শেষ করে নেত্রকোনা-১ আসনের ১১ জোটের প্রার্থী খেলাফত মজলিসের গোলাম রব্বানীর হাতে ‘রিকশা’ প্রতীক ও নেত্রকোনা-৫ আসনের জামায়াতের প্রার্থী মাসুম মোস্তফার হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন মামুনুল হক।

এ সময় তিনি আগামী ১২ তারিখ গণভোটে ‘হ্যাঁ’ তে ভোট দেয়ার পাশাপাশি ১১ জোটের পক্ষে ভোট চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights