বাউয়েটে আন্তর্জাতিক প্রকৌশল গবেষণা সম্মেলন ১৩-১৪ আগস্ট
নাটোর প্রতিনিধি
নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে আগামী ১৩ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৌশল গবেষণা ও প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
সোমবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে। ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা ৩২৮টি গবেষণাপত্র সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় গবেষণা, জ্ঞান বিনিময়, বৈশ্বিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং মানবসম্পদের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
উপাচার্য আরও বলেন, সম্মেলনে গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্প খাতের বিশেষজ্ঞরা সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্প খাতের কার্যকর সংযোগ আরও জোরদার হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি ও ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি এবং স্থানীয় আয়োজক কমিটির সভাপতি ও ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।
