বাগবিতণ্ডা: যেসব খাবার না খেয়েই হোয়াইট হাউস ছেড়েছিলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ওই সময় হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে শেফরা ব্যস্ত হাতে প্লেটে খাবার সাজাচ্ছিলেন।

বৈঠক শেষ হলেই রাষ্ট্রীয় অতিথিদের পরিবেশন করা হবে খাবার। শেফরা তাদের আয়োজন প্রায় গুছিয়ে এনেছেন। অতিথিদের জন্য তৈরি হয়ে গেছে রোজমেরি চিকেন, সেলেরি রুট পিউরি ও কোলার্ড গ্রিন।

হঠাৎই ওভাল পাল্টে যায় অফিসের পরিবেশ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। এ সময় বৈঠকে বসা নেতাদের উচ্চকণ্ঠে বাগবিতণ্ডার আওয়াজ বাইরে থেকেও শোনা যাচ্ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বাক্যবাণে বিদ্ধ করছিলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স। জেলেনস্কিও পাল্টা জবাব দিচ্ছিলেন।

ইউক্রেনের সমর্থকদের জন্য ওই সময়টি ছিল দারুণ বিপর্যয়কর। দুই একগুঁয়ে নেতা মাত্র ১০ মিনিটের মধ্যে সব আয়োজন ভণ্ডুল করে দিয়েছিলেন।

বাগবিতণ্ডার পর জেলেনস্কি আর খুব বেশি সময় হোয়াইট হাউসে অবস্থান করেননি। তিনি তার দলবল নিয়ে বেরিয়ে যান। কেউ কেউ দাবি করেন, জেলেনস্কিকে একরকম বের করে দেওয়া হয়েছিল। জেলেনস্কি সেদিন মোট ১৩৯ মিনিট হোয়াইট হাউসে অবস্থান করেন।
অতিথিদের জন্য প্লেটে সাজানো রোজমেরি চিকেন, সেলেরি রুট পিউরি, কোলার্ড গ্রিন তেমনই পড়ে রইল।

ওই দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি চূড়ান্ত করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। সেখানে দুই নেতার চূড়ান্ত আলোচনার পর চুক্তি সই হবে বলেও ধারণা করা হচ্ছিল।

কিন্তু ওভাল অফিসে বাগবিতণ্ডার পর সবকিছু ভেস্তে যায়। সেখান থেকে যুক্তরাজ্যের পথে রওনা হন জেলেনস্কি। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights