বাজার নিয়ন্ত্রণে রাখতে ডিমের আড়তে অভিযান

টঙ্গী প্রতিনিধি

ডিমের বাজার নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের টঙ্গীতে পাইকারি ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে পাঁচটি আড়তে মূল্য তালিকা না থাকা ও বেচাকেনার রসিদে গরমিল দেখা গেলে জরিমানা আদায় করে করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকার ডিমের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের আল্লাহর দান ডিমের আড়ত, লামিয়া ডিমের আড়ত, রুপালী ডিমের আড়ত, ইদ্রিস ডিমের আড়ত, জিলানী ডিমের আড়তের পাঁচ ব্যবসায়ীর প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্ত‍ৃপক্ষ জানান, ডিমের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ধরতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নেমেছে। দিন দিন বেড়েই চলেছে আমিষের সবচেয়ে বড় উৎস ডিমের দাম। এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রতি হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা ও সাদা ডিম হালি প্রতি ৫০ টাকা দরে। খুচরা প্রতিটি ডিম বিক্রি করা হচ্ছে ১৫ টাকা দরে। আর প্রতি ডজন হিসাবে ডিমের দাম উঠেছে ১৮০ টাকা। এ ছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরা পর্যায়ে ১২ টাকা ডিমের মূল্য নির্ধারণ করা হয়েছে। এটি নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। যারাই এর ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights