বাজেটে আসছে চমক, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাসে শুল্ক থাকবে না

কুমিল্লা প্রতিনিধি
আগামী বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।

আজ শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় জিয়া অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবহন সুবিধা বাড়াতে সরকার এ উদ্যোগ নিচ্ছে। এটি প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

ভিক্টোরিয়া কলেজ প্রসঙ্গে তিনি জানান, শতবর্ষী এই প্রতিষ্ঠানের উন্নয়নে প্রকল্প নেওয়া হচ্ছে। অতীতে জিয়া অডিটোরিয়ামের নাম মুছে ফেলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া কলেজটিকে একটি বাস উপহার দিয়েছিলেন। সেটি এখনো ব্যবহৃত হচ্ছে। সরকারের পক্ষ থেকে আরও একটি বা দুটি বাস দেওয়ার চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে একেএম আবু তাহের ফাউন্ডেশন থেকে একটি বাস দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বিএনপি সরকার এ অঞ্চলের উন্নয়নে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং হাসপাতাল বাস্তবায়ন করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এবং কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি কৃষিনির্ভর এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই কুমিল্লার জন্য উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস করা হয়েছে এবং কুমিল্লা ওয়াসা গঠনের প্রক্রিয়া চলছে। এটি বাস্তবায়িত হলে পরিকল্পিতভাবে মহানগর এলাকার উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো আবুল বাসার ভূঁঞা। বক্তব্য দেন মো শাহ আলম, উৎবাতুল বারী আবু, মো আমিরুজ্জামান আমির, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights