বাঞ্ছারামপুরে শিক্ষককে রাজকীয় বিদায়, প্রয়াত শিক্ষককে মরণোত্তর সম্মাননা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কর্মজীবন শেষে অবসর নেওয়া শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে উজানচর কংশ নারায়ণ (কে.এন.) উচ্চবিদ্যালয়। একই অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া অপর এক জ্যেষ্ঠ শিক্ষককে দেওয়া হয় মরণোত্তর সম্মাননা।
শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশে এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক লোকমান হেকিমকে তার দীর্ঘ ৩২ বছরের নিষ্ঠাপূর্ণ শিক্ষকতা জীবনের স্বীকৃতিস্বরূপ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে গত ২৭ জুন হৃদরোগে মৃত্যুবরণকারী কৃষিবিজ্ঞান বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মোজ্জামেল হকের স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অতিথি ও শিক্ষকরা তার সহধর্মিণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু মূসা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকর রায়।
বক্তারা বলেন, লোকমান হেকিম শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, পথপ্রদর্শক ও নৈতিক মূল্যবোধের এক উজ্জ্বল প্রতীক। তার সততা, শৃঙ্খলাবোধ, মানবিকতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে সবার কাছে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে মরহুম মোজ্জামেল হকের কর্মময় জীবন ও শিক্ষাক্ষেত্রে অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সবাই।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বিদায়ি শিক্ষক লোকমান হেকিমকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানোর আয়োজন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বিদ্যালয় থেকে বাঞ্ছারামপুর উপজেলা সদরে অবস্থিত নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দুধ মিয়া মাস্টার, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী পলাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. নাছির উদ্দিন মুন্সী, ডা. শাজাহান খান, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজিবুর রহমান সজিব, উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বাবুল মিয়া, বরকত উল্লাহ শাহীন, আব্দুর রশিদ, মুজিবুর রহমান মুন্সী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
