বাড়িতে ঢুকে তরুণীকে কুপিয়ে জখম, ঠেকাতে গিয়ে আহত বাবা-মা

অনলাইন ডেস্ক

মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর বাবা-মাকেও কুপিয়ে আহত করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সেলিম হোসেন, তাঁর স্ত্রী রেবেকা খাতুন ও মেয়ে স্মৃতি আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে ঢুকে তাঁর মেয়ে স্মৃতির ওপর হামলা চালান। এতে স্মৃতির ডান হাতের কব্জির ওপর গুরুতর জখম হয়। তাঁর চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে সায়ন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল অভিযুক্ত সায়নকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত সায়নকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights