বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে তিমি মৃত্যুর হার বাড়ছে

অনলাইন ডেস্ক
বিশ্বের সমুদ্রপথে প্রতিদিন হাজার হাজার বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। তবে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক প্রাণী, বিশেষ করে তিমি। বিশাল আকারের এসব জাহাজের সঙ্গে সংঘর্ষে তিমিদের মৃত্যুর হার দিন দিন বাড়ছে। একটি গবেষণায় দেখা গেছে, নীল তিমি, ফিন তিমি, হাম্পব্যাক তিমি এবং স্পার্ম তিমির ৯২ শতাংশ আবাসস্থল সরাসরি জাহাজ চলাচলের পথের মধ্যে পড়ে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা বারবারার (ইউসিএসবি) গবেষকেরা বিষয়টি নিয়ে সমীক্ষা চালিয়েছেন। বিজ্ঞানী রাচেল রোডস জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ সামুদ্রিক প্রাণীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। গবেষণায় বলা হয়েছে, বড় প্রজাতির তিমি জাহাজের আঘাতে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে।

বিজ্ঞানী ব্রায়ানা আব্রাহামসের মতে, প্রতিবছর হাজার হাজার বাণিজ্যিক জাহাজ তিমির আবাসস্থল দিয়ে চলাচল করছে। বিশ্বব্যাপী বাণিজ্যের প্রসার অব্যাহত থাকলে আগামী দশকে এ ধরনের সংঘর্ষ আরও বাড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, জাহাজের আঘাতে তিমির মৃত্যু প্রায় অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে।

তিমি রক্ষায় স্থানীয়ভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিমির উপস্থিতি শনাক্ত করে জাহাজগুলোকে সতর্ক সংকেত দেওয়া হচ্ছে। এছাড়া মে থেকে ডিসেম্বর পর্যন্ত জাহাজগুলোকে গতি কমিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগ সত্ত্বেও তিমিদের মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমছে না।

বিজ্ঞানীদের মতে, তিমি বাঁচাতে বৈশ্বিক পর্যায়ে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সমুদ্রপথে জাহাজ চলাচলের নিয়ম-কানুন কঠোরভাবে পালন না করা হলে এই বিপন্ন প্রাণীটি একদিন হয়তো বিলুপ্তির পথে চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights