বানারীপাড়ায় স্ত্রীকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণকারী সুমনকে কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে স্ত্রী বিথি রানী সমদ্দারকে (৩০) হাতুড়ি পেটা করে হত্যার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করা স্বামী সুমন রায়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, অভিযুক্ত সুমন রায় ৫ বছর পূর্বে গোপালগঞ্জের কোটালীপাড়ার নয়াকান্দি গ্রামের বাসুদেব সমদ্দারের মেয়ে বিথী রানী সমদ্দারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সুমন ও বিথির মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। এর জের ধরে গত রবিবার দুপুরে একা বাসায় স্ত্রী বিথি রানী সমদ্দারের মাথায় উপর্যুপরি হাতুড়ি পেটা করে সুমন। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে স্ত্রীকে হাতুড়ি পেটা করার পর জনরোষের ভয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চায় অভিযুক্ত সুমন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। এ ঘটনায় রবিবার রাতে বিথির বড় ভাই বিবেক সমদ্দার বাদী হয়ে সুমনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে থানা পুলিশ। বরিশাল মর্গে বিথির লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। এ সময় উপস্থিত প্রতিবেশীরা অভিযুক্ত সুমনের কঠোর বিচার দাবি করেন।
