বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগই নিশ্চিহ্নের পথে : মঈন খান

অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান / ফাইল ছবি

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগই নিশ্চিহ্ন হওয়ার পথে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল-জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায়-অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগে নিশ্চিহ্ন হওয়ার পথে।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে. তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐকমত্য নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে সংস্কার শেখাতে হবে না।

এক-এগারো কথা উল্লেখ করে তিনি বলেন, এক-এগারো বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেউ ভাবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা যুবদলের আহ্ববায়ক নিছার আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব বকতিয়ার উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টুসহ বিভিন্ন নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights