বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করলে দলে স্থান হবে না: আমান উল্লাহ আমান
সাভার প্রতিনিধি
বিএনপির নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি বা ভূমি দখলের সঙ্গে জড়িত থাকলে তাকে দলে রাখা হবে না বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি চেয়ারম্যানবাড়ি সড়কসংলগ্ন খাল খননকাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করা হবে। তিনি বলেন, দেশে কোনো ব্যক্তি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ভূমি দখলের সুযোগ পাবে না।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মাদকসেবী ও মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের পক্ষে কোনো ধরনের তদবির করা যাবে না। জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।
তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, ঢাকা জেলা যুবদলের নেতা শাওন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।
